বাংগালপাড়ায় বুড়োদের বাজিমাত!
![]() |
| অবসরপ্রাপ্ত সিনিয়র একাদশের একাংশ |
মিজবাহ অনিক: বাংগালপাড়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত ফুটবল খেলোয়াড়দের নিয়ে আজ (২৭ জুন, শনিবার) আয়োজিত ‘বাংগালপাড়া লিজেন্ডস্ ম্যাচে’ অংশগ্রহণ করেন সাবেক ফুটবলাররা। উক্ত খেলায় দু'দল “অবসরপ্রাপ্ত সিনিয়র একাদশ” এবং “অবসরপ্রাপ্ত জুনিয়র একাদশ” নামে অংশগ্রহণ করেন।
সিনিয়র একাদশে ছিলেন বাংগালপাড়া ফুটবলের বেশ পরিচিত মুখ- জলিল মোল্লা, শাহজামাল, শাহজালাল, আলমগীর, জয়নাল, মুর্শেদ, শাহআলম, সাফি, সিরাজ প্রমুখ। তাঁদের প্রতিপক্ষ দল জুনিয়র একাদশে ছিলেন- মোহাব্বত, জুলহাস, জালাল, শওকত, রুবেল, আলকাস, বাপ্পি, ইমরান সহ আরও অনেকে।
সিনিয়র একাদশের মুর্শেদ খেলা শুরুর ৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে ডি-বক্সের ভিতর থেকে বাপ্পির শটে গোল পেয়ে সমতায় ফিরে জুনিয়র একাদশ। খেলার ৫৫ মিনিটে ফ্রি-কিক করা শট থেকে শাহজামালের সুইট টাচ্-এ গোল করে পুনরায় এগিয়ে যায় অবসরপ্রাপ্ত সিনিয়র একাদশ। দ্বিতীয়ার্ধের শুরুতে দু'দলের খেলোয়াড়রাই বেশ আক্রমণ-পাল্টা আক্রমণ করেন এবং সকল খেলোয়াড়রাই নিজের পুরনো অভিজ্ঞতা ও নৈপুণ্য দেখিয়ে মাঠ ভর্তি দর্শকদের উত্তেজনামূলক জমজমাট খেলা উপহার দেয়।
নির্ধারিত সময় শেষে অবসরপ্রাপ্ত জুনিয়র একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে অবসরপ্রাপ্ত সিনিয়র একাদশ। গোল এবং অ্যাসিস্ট করে জয়ের পক্ষে অবদান রাখায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিনিয়র একাদশের শাহজামাল চৌধুরী।
![]() |
| ম্যাচ সেরা খেলোয়াড় শাহজামাল চৌধুরী |
খেলার পুরস্কার হিসেবে ছিল একটি গরু। চ্যাম্পিয়ন ও রানারআপ দু'দলের জন্যই বিশেষ পার্টির আয়োজন হবে বলে জানা গেছে।



No comments