কিভাবে আসলো অষ্টগ্রাম নামটি?
অষ্টগ্রামের নামকরণঃ অষ্টগ্রাম। পূর্বনাম আটগাঁও। জেমস রেনেলের মানচিত্রে আটগাঁও বলে কথিত। অষ্টগ্রাম অষ্ট থেকে ‘আট’ এবং গ্রাম থেকে ‘গাঁও’। লোকায়ত নামের সংস্কৃতায়ন ঘটেছে যা ভূ-প্রকৃতিগতভাবে লক্ষ্য করা যায়, এই পরিমার্জনটি আধুনিককালের। ড. দীনেশচন্দ্র সেন এর ময়মনসিংহ লিটারেরী মানচিত্রে ‘অষ্টগ্রাম’ নামটি উল্লেখিত আছে। মানচিত্রটি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ১৯২৩ সালে প্রকাশিত হয়। কবে থেকে আটগাঁও অষ্টগ্রাম হয়ে গেছে তা সঠিকভাবে বলা মুশকিল। কিন্তু লৌকিকভাবে এখনো আটগাঁও কথাটি প্রচলিত আছে।
সিলেটের সাতগাঁও কিংবা তরফ রাজ্যের রাজধানী বিশগাঁও আটগাঁও এর মতোই পুরনো ঐতিহ্যবাহী স্থান। চতুর্দশ শতকের শুরুতেই বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট এলাকার মুসলমানদের আগমনের পর মুসলিম বিজয় ও শাসন প্রবর্তন কালের পর্বের এ নামগুলি ইতিহাসের উজ্জ্বল স্মৃতি বহন করে। কোন হিন্দু রাজা বা জমিদার আমলে আটগাঁও অষ্টগ্রামে পরিবর্তিত হয় বলে মনে করা হয়।
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, ত্রিপুরা অধিপতি দেব মানিক্য ১৫২৮ খ্রিস্টাব্দে সোনারগাঁও অধিকারের পর বিজয় স্মারক মুদ্রায় সোনারগাঁওকে ‘সুবর্ণগ্রাম’ বলে অভিহিত করেন। অষ্টগ্রাম নামকরণের পিছনে তিনটি মতবাদ প্রচলিত আছে; এটি হলো- আটটি গ্রাম নিয়ে গঠিত বলে এই জনপদের নাম ‘অষ্টগ্রাম’ রাখা হয়। এই আটটি গ্রামের নাম: ১। অষ্টগ্রাম, ২। আসিয়া, ৩। দুবাই ভাটেরা, ৪। নরসিংহ পূর্ববাদ, ৫। খাসাল, ৬। বীরগাঁও, ৭। বত্রিশগাঁও ও ৮। বারে চর। বর্তমানে এগুলো মৌজা হিসেবে পরিগণিত।
দ্বিতীয় ধারণাটি এই যে, খ্রিস্টীয় দ্বাদশ শতকে বঙ্গাধিপতি বল্লাল সেন এর কৌলীন্য প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে বল্লাল সেনের অধিসামন্ত অনন্ত দত্ত অষ্টগ্রামের কাস্তুল নামক স্থানে বসতি স্থাপন করেন। অনন্ত দত্তের সঙ্গে তাঁর গুরু ‘শ্রী কণ্ঠদ্বিজ’ এবং অনুচরবর্গ অষ্টগ্রামে আসেন। এরা এখানকার আটটি গ্রামে বসতি স্থাপন করে বলে আটগাঁও তথা অষ্টগ্রাম নামের উৎপত্তি হয়।
তৃতীয় মতটি এই যে, হযরত শাহজালাল (র.)-এর সঙ্গীয় আটজন আউলিয়া অষ্টগ্রামে এসেছিলেন; তাই অষ্টগ্রামেকে ‘আট আউলিয়ার গাঁও’ বা ‘অষ্টগ্রাম’ বলা হয়।
তথ্যসূত্রঃ জনাব ‘আবুল কাশেম’ এর ‘অষ্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য’ বই থেকে। (বইয়ের পৃষ্ঠা-২৮ থেকে সংগ্রহীত)
©Misbahul Islam Anik


No comments